দেশে একের পর এক ব্লগার, লেখক, প্রগতিশীল ও সৃষ্টিশীল মানুষ খুন হচ্ছে, আর সরকার যেন নির্বিকার চিত্তে দিনাতিপাত করছে। সরকারের যেন কোনো দায়দায়িত্ব নেই, যা হওয়ার তাই হয়েছে, সরকারের ভাবটা যেন অনেকটা এ রকম।
অথচ সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে সরকারের আন্তরিকতা আছে বলেও মনে হয় না। যে কয়েকজন উগ্রপন্থীকে সরকার দেশি-বিদেশি গণমাধ্যম বা মানবাধিকার সংস্থার চাপে গ্রেপ্তার করেছে, তাদের কী হচ্ছে, আমরা সেটাও জানতে পারছি না। ব্লগার ওয়াশিকুরের এক হত্যাকারীকে তো জনগণই ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল, কিন্তু সেই সূত্রে পুলিশ কী করল, তা আমরা জানতে চাই। আর তারা যদি কিছু করতে না-ই পারে, তাহলে সেটাও আমাদের জানানো হোক।
এ পরিস্থিতি চলতে থাকলে দেশে মুক্তচিন্তার পরিবেশ নষ্ট হবে। ব্লগারদের মতামতের সঙ্গে কেউ একমত না-ও হতে পারেন, তা-ই বলে তাঁদের হত্যা করার অধিকার তো কারও নেই। কারও বিরুদ্ধ মত থাকলে তারা সেটা বলুক, খুন করা কি ভিন্নমত প্রকাশের মাধ্যম?
মিলন সরকার
চাঁদপুর