২০১৭ সালের এইচএসসি পরীক্ষা শেষ। এখন ফলাফল প্রকাশের অপেক্ষা এবং স্নাতক শ্রেণিতে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই অবগত আছে, কিছুসংখ্যক অসৎ ও দুর্নীতিবাজ অভিভাবক, শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর কারণে প্রতিবছর প্রতিটি পাবলিক পরীক্ষা কলুষিত হচ্ছে। তার মাশুল দিতে হচ্ছে সৎ ও প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের।
কারণ বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অল্পসংখ্যক শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। তাতে প্রকৃত মেধাবী ও যাঁরা পাবলিক পরীক্ষায় অসৎ পথ অবলম্বন করেননি, এ রকম অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারেন না। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রক্রিয়ায় আমার মতো অভিভাবকদের শতভাগ আস্থা রয়েছে। কিন্তু প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অনেক মেধাবী ও সৎ শিক্ষার্থী বাদ পড়ে মনঃপীড়ায় ভোগেন। হতাশ হয়ে তাঁরা অনেক সময় বিপথগামী হন, যা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কাম্য নয়। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন।
এইচ এম আবুল বাশার, ঢাকা।