রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৯ ও ১০ নভেম্বর যথাক্রমে এ, বি ও ই অনুষদের তথা মানবিক অনুষদের পরীক্ষা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদের পরীক্ষা ৮ এবং ৯ নভেম্বর হওয়ার কথা। এখন আমরা যাঁরা মানবিক শাখার ছাত্র, আমাদের কী হবে?
ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, তাই সেখানে পরীক্ষা দিতে পারিনি। এখন কি রাবি ও চবি থেকেও যেকোনো একটি বাছাই করতে হবে? ইতিমধ্যে দুই বিশ্ববিদ্যালয়ে আবেদনও করে ফেলেছি। ঢাবির পরে এই দুটি বিশ্ববিদ্যালয়েই মানবিক অনুষদে আসনসংখ্যা বেশি। প্রথমে রাবির বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচি প্রকাশ না করায় ধরে নিয়েছিলাম, গতবারের মতো মানবিক অনুষদের পরীক্ষাগুলো শেষের দিকে হবে। তাই আমার মতো অনেকেই সেখানে আবেদন করেছিলেন।
সে কারণে রাবি প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের মানবিক শাখার ছাত্রদের কথা চিন্তা করে পরীক্ষাগুলো গতবারের মতো শেষের দুই দিনে নেওয়া যায় কি না? এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
দ্বীন ইসলাম সাদী, সিলেট।