একটি সময় ভারত অখণ্ড ছিল। বর্তমানে ভারতবর্ষ ভেঙে একাধিক রাষ্ট্র হয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই যে অবিভক্ত ভারতের রাজধানী ছিল দিল্লি, কলকাতা বা আগ্রা। অর্থাৎ আগ্রা, পুরাতন দিল্লি বা কলকাতার পুরাতন বা ঐতিহাসিক স্থাপনাগুলো তৈরিতে বর্তমান বাংলাদেশেরও তৎকালীন রাজস্ব অংশীদারত্ব ছিল।
ভারত ভ্রমণে বাংলাদেশিদের উপর্যুক্ত স্থানগুলোতে ঢুকতে বিদেশি পর্যটকদের মতো ১০ গুণ বা তার অধিক অর্থ ব্যয় (ভারতীয়দের তুলনায়) করতে হয়। সব ঐতিহাসিক স্থাপনার ক্ষেত্রে না হলেও অবিভক্ত ভারতের নির্মিত ঐতিহাসিক স্থাপনাগুলোতে প্রবেশের সময় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয়দের সমান ফি আদায় করা হোক। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে এ প্রসঙ্গটি উপস্থাপন করা হোক।
এ ছাড়া ধর্মীয় স্থান যেমন মুসলমানদের বিভিন্ন মাজার এবং হিন্দুদের বিভিন্ন তীর্থ ভারতে রয়েছে, যেখানে অসংখ্য বাংলাদেশি যাতায়াত করেন। চিকিৎসার কারণেও বাংলাদেশ থেকে বহু রোগী ভারতে যান। তাই ভারতের প্রধানমন্ত্রীর কাছে দুটি বিষয় যুক্তিযুক্তভাবে (ভারতের জনগণ বাংলাদেশের ভেতর দিয়ে আগরতলা ও আসাম যাবে) উপস্থাপন করা হোক। প্রথমত, ভিসা ব্যবস্থা সহজীকরণ (ফি মুক্ত), দ্বিতীয়ত, ঐতিহাসিক স্থাপনায় প্রবেশমূল্য ভারতীয়দের সমান করা হোক।
নূর মোহাম্মদ
নর্থ সার্কুলার রোড, ঢাকা।