ভারতীয় ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মে ২০১৫ তারিখে প্রথম আলোর চিঠিপত্র কলামে ঢাকার লিয়াকত হোসেন খোকনকে ‘ভারত ভ্রমণ কঠিন হচ্ছে?’ শীর্ষক চিঠির জন্য ধন্যবাদ। যদিও বাজার চালু খবর হচ্ছে, ভারতের ভিসা সহজ হচ্ছে।
ভারত আমাদের ঘনিষ্ঠতম প্রতিবেশী ও সার্কভুক্ত রাষ্ট্র। বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্য ভিসা লাগাই উচিত নয়। দরকার হলে নেপাল ও ভুটানের মতো দেশে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা থাকা উচিত। ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নানা ভোগান্তিতে পড়ে। তেমনি এর আর্থিক দণ্ডও রয়েছে।
ভারতীয় ভিসার জন্য ই–টোকেন নামক একটি ব্যাপার আছে। এর জন্য আড়াই থেকে তিন হাজার টাকা লাগে; আবার কখন পাওয়া যাবে, তারও নির্দিষ্ট সময় নেই। তারপর আবার আছে ভিসা ফি। কোনো কারণ ছাড়াই ভিসা আবেদন প্রত্যাখ্যান খুব স্বাভাবিক ব্যাপার। আবার হঠাৎ হঠাৎ ভিসা পাওয়াও যায়, বিস্ময়কর!
মোদ্দাকথা, ভারতীয় ভিসার আবেদন, মঞ্জুর, প্রত্যাখ্যান কোনোটিই বাংলাদেশিদের জন্য বন্ধুসুলভ নয়, মর্যাদাকরও নয়। ভারতীয় দূতাবাস এ ব্যাপারে কী বলে তা জানার ইচ্ছা রইল।
আকতারুল আলম
লোহাগড়া, নড়াইল।