আমি প্রথম ভারতে যাই ২০০১ সালে। তারপর থেকে ২০১৪ সাল পর্যন্ত অনেকবার অনেক কাজেই ভারতে গিয়েছি। কিন্তু ২০০৫ সালের শুরু থেকে অনলাইনে ই-টোকেন নিতে যে জটিলতা শুরু হয়, তা এখনো চলছে। ওয়েবসাইটে ভিসা ফরম পূরণ করে তারিখ নিতে গেলে দেখা যাবে, তারিখ নেই। কিন্তু দালালদের কাছে গেলে সহজেই তারিখ পাওয়া যায়। কিন্তু তার জন্য সবাইকেই তিন-চার হাজার টাকা গুনতে হয়। এই টাকা কোথায় যায়, কাদের কারণে ওয়েবসাইট এই অদ্ভুত আচরণ করে?
প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার ভিসা আবেদন গ্রহণ করে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার। এখন প্রত্যেকে যদি তিন হাজার টাকাও খরচ করে, তবে প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের প্রায় এক কোটি টাকা গুনতে হচ্ছে। বিভিন্ন সরকারি ছুটিসহ অন্যান্য বন্ধের দিন বাদ দিয়ে বছরে যদি ৩০০ কার্যদিবসের হিসাব করা হয়, তাহলে আমাদের জনগণের পকেট থেকে অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া টাকার পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি টাকার বেশি। এটা কোনোভাবেই কাম্য বা গ্রহণযোগ্য হতে পারে না।
সবার নাকের ডগায় এ রকম একটি অন্যায় হচ্ছে, অথচ তা দেখার কেউ যেন নেই। এ কারণে কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
মো. আনিস রায়হান, ঢাকা।