ভারতীয় চ্যানেলগুলোর দৌরাত্ম্য এত বেড়েছে যে আমাদের চেনাজানা সংস্কৃতি এখন ক্ষতবিক্ষত। আমি ভারতীয় চ্যানেল বা কোনো দেশের বিরুদ্ধে বলছি না। বলছি, ভারতীয় বিভিন্ন চ্যানেলের সিরিয়ালের প্রভাবে আজ অনেক পরিবারেই অশান্তি, অস্বস্তি, ভাঙনের খবর শোনা যাচ্ছে। সিরিয়ালগুলোর বেশির ভাগই হচ্ছে কৃত্রিম জৌলুশ, ষড়যন্ত্র, কূটকচাল ও ভণ্ডামির দগদগে কাহিনিতে ঠাসা।
রংচঙে মোড়া এই কাহিনি আপাতমধুর মনে হলেও এটি আসলে মিছরির ছুরির মতো। এটা আরও প্রবলভাবে মনে হলো কিছুদিন আগে আমার স্কুলের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর খাতার প্রচ্ছদ দেখে। খাতার প্রচ্ছদে লাভ স্টোরির অভিনেতা-অভিনেত্রীর মতো একটি সিরিয়ালের চরিত্রের ছবি। আরেক ছাত্রের গায়ের টি-শার্টে দেশীয় চলচ্চিত্রের নায়ক-নায়িকার ছবি।
শিশু-কিশোরেরা ফুল, প্রজাপতি, পাখি, মাছ কিংবা গাছপালার মতোই নির্মল, নিষ্পাপ। তাদের চিন্তাভাবনার জগৎও সে রকম। কিন্তু আমরা তাদের চোখের সামনে যে জগৎ মেলে ধরছি, কিংবা তাদের হাতে যে ছবি তুলে দিচ্ছি, সেটা কি শিশু-কিশোরের মনোজগতের বিকাশের জন্য ভালো?
তাসনীম চৌধুরী, শিক্ষক, মৌলভীবাজার।