ভারতের ভিসা বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভিসা বিড়ম্বনা কমাতে হাইকমিশন যে পদক্ষেপ নিয়েছে, এতে সাধারণ ভিসা আবেদনকারীদের বিড়ম্বনা মোটেও কমবে না। টুরিস্ট ভিসা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তারিখ ছাড়াই শুধু অনলাইনে আবেদন পূরণ করে চার দিনের মধ্যে জমার কথা বলা হয়েছে। অথচ শতকরা ৯০ ভাগের বেশি ভ্রমণকারীই টুরিস্ট ভিসার জন্য আবেদন করে থাকেন।
এই ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত তারিখ ও সময়ে ভিসা সেন্টারে জমা দিতে হবে। কিন্তু সাধারণ আবেদনকারীই প্রচলিত অনলাইন ব্যবহার করে কোনোভাবেই এই তারিখটি নিতে পারে না। এ জন্য ‘বাজার’ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা দিয়ে এ তারিখ কিনে আনতে হয়।
এই তারিখ কেনাবেচার বাজার মতিঝিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও ভারতীয় হাইকমিশনের আশপাশেই।
দালালভেদে টাকার পরিমাণ কম-বেশি হলেও এবং কাজ ডেলিভারি (ভিসা জমার তারিখ প্রাপ্তি) দেওয়ার সময়ে ভিন্নতা থাকলেও একটি বিষয়ে প্রত্যেক দালালেরই এক ও অভিন্ন দাবি, এই তারিখ নিতে হাইকমিশনেও তাদের মোটা অঙ্কের টাকা দিতে হয়। যত দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, তত তাড়াতাড়ি সাধারণ আবেদনকারীর বিড়ম্বনা যেমন কমবে, তেমনি হাইকমিশন সম্পর্কে দালালদের প্রচারিত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে বিরাজমান সন্দেহ দূর হয়ে আস্থার জায়গা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
রবিকর, পাগলা, নারায়ণগঞ্জ।