প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত যোগাযোগ–মাধ্যমের সহায়তায় আমরা পৃথিবীর এক প্রান্তের ঘটনাবলি অপর প্রান্তে বসে দ্রুত পেয়ে যাই। এসবের মধ্যে আমরা অনেক বীভৎস ঘটনার বিবরণ পাই। শিহরিত ও স্তম্ভিত হই এসব দেখে। যোগাযোগমাধ্যমের তালিকায় সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ অবস্থানে। মানবজাতির মননশীলতার চর্চায় এর অবদান অপরিসীম।
সংবাদপত্রে প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে হওয়া নানা বর্বরতার বিবরণ পাই। হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, ডাকাতি, রাহাজানি, অপমৃত্যু, দুর্ঘটনা ইত্যাদি ঘটছে না এমন দিন নেই। প্রাত্যহিক এসব দুঃখজনক ও বীভৎস খবরে মানুষের মধ্যে বিরূপ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হতে বাধ্য। এসব ঘটনার কারণে তরুণদের সুস্থ মানসিকতা গঠনও বাধাগ্রস্ত হয়।
১ নভেম্বর প্রথম আলোর বর্ধিত অংশে বন্ধুসভার আয়োজনে ‘আমার একটি ভালো কাজ’ শিরোনামে বন্ধুদের লেখাগুলো পড়ে মনটা আনন্দে ও তৃপ্তিতে ভরে গেল। এটা একটা ব্যতিক্রমী আয়োজন। এর প্রতিটি লেখাই মনকে আকৃষ্ট করার মতো। এ ধরনের লেখা বহুল প্রচার পেলে সুকুমার মনোবৃত্তি গঠনে পাঠক সমাজে বিশেষ অবদান রাখবে, মানুষ ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার এ ধরনের লেখা প্রথম আলোয় প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
মো. নজরুল ইসলাম, ঢাকা।