ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলনসহ নানা ক্ষেত্রে টাঙ্গাইল ঐতিহ্যমণ্ডিত। মুক্তিযুদ্ধে এই জেলার মানুষের অনন্য অবদান রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর হানাদারমুক্ত হয় টাঙ্গাইল। সাহসিকতাপূর্ণ এই বীরত্বের কথা দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও মূল টাঙ্গাইল শহরে নেই মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের ইতিহাস স্মরণের কোনো ভাস্কর্য। নেই জেলার ঐতিহ্য ধারণ–সম্পর্কিত কোনো স্মৃতিস্মারকও।
দেশের নানা জেলায় রাস্তার মোড়ে মোড়ে স্মারক ভাস্কর্য রয়েছে, যাতে ফুটে ওঠে ইতিহাসের প্রতিচ্ছবি। চেতনাবোধ জাগ্রত হয়। ধারণা পাওয়া যায় শহরের ইতিহাস-ঐতিহ্যের। শহরবাসীর আক্ষেপ, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও টাঙ্গাইল পৌর শহরে
এ রকম ভাস্কর্য নেই। বছর আটেক আগে শহরের নিরালা মোড়ে একটি স্বাধীনতা স্মৃতিস্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। শহরের পৌর উদ্যান ও পুরোনো জেলা কোর্ট প্রাঙ্গণে বহু বছর আগে স্থাপিত যে দুটি স্বাধীনতা স্তম্ভ রয়েছে, সেগুলোও সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে।
জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দিতে এ রকম ভাস্কর্য নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করছেন শহরবাসী।
আবীর বসাক, শিক্ষার্থী, টাঙ্গাইল।