আমাদের দেশের বেশির ভাগ ক্ষেত্রেই সবচেয়ে অবহেলিত হয় সাধারণ জনগণ। জনগণের নাগরিক সেবার মান নিয়ে তাই কারও চিন্তা নেই। বেশ কিছুদিন হলো জ্বালানি তেলের দাম কমেছে। অথচ এ নিয়ে কারও মাথাব্যথা নেই। কোনো কাঁচামালের দাম বাড়ার একটু ইঙ্গিত পেলেই সংশ্লিষ্ট সুবিধাভোগীরা পণ্যের দাম বাড়াতে সদা প্রস্তুত থাকে। কিন্তু এখন তারা বড় চুপচাপ। প্রধানত পরিবহন খাতে এটি বিশেষভাবে দেখা যায়।
তেলের দাম না কমে বাড়ার আলোচনাও যদি হতো, তবে দাম বাড়ার আগেই ভাড়া বেড়ে যেত। অথচ দাম কমে গেল বেশ কদিন হলো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কাছের বা দূরপাল্লার বাসের ভাড়া কমেনি। এ নিয়ে কেউ কথাও বলছেন না। কেননা, জনগণের তো কোনো সমিতি নেই, যে ত্বরিত প্রতিক্রিয়া জানাবে, ধর্মঘট ডাকবে! দেয়ালে পিঠ না ঠেকলে জনগণ একত্র হয় না, তা সবারই জানা। তাহলে কি কর্তাব্যক্তিরা সেই আশাতেই থাকেন?
আনোয়ারুল ইসলাম
বাগমারা, রাজশাহী।