ভুলে ভরা নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের নতুন দিনে প্রায় ৪ কোটি ২৬ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হলো। কয়েক বছর ধরে এ ধারা অব্যাহত দেখে খুশিই হয়েছিলাম। ভেবেছিলাম, দেশের শিক্ষাব্যবস্থা–সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতা আছে। কিন্তু আনন্দটা বিষাদে পরিণত হতে বেশি সময় লাগল না।
অসংখ্য ভুলে ভরা প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের এসব নতুন পাঠ্যবই। বিভিন্ন বইয়ে বানান থেকে শুরু করে নানা ধরনের ভুল হয়েছে।
ইতিহাস বিষয়েও আছে বেশ কিছু ভুল। এক শব্দের স্থলে অন্য শব্দ, কবিতার মাঝখান থেকে চরণ বাদ দেওয়া, একই অধ্যায় একাধিকবার ছাপানো, সূচিতে থাকা কিছু অধ্যায় ছাপা থেকে বাদ পড়া এবং উেল্টাভাবে ছাপাসহ বিভিন্ন ভুল পরিলক্ষিত হয় এসব নতুন বইতে।
তাহলে বিষয়টা কী দাঁড়াল? আমরা ভুল থেকে শিক্ষা নিই, যাতে পরবর্তীকালে ভুল না হয়। কচি বাচ্চাগুলোকেও কি এ সূত্রের আওতায় আনা হলো?
যারা এসব ভুল-ভ্রান্তি ঘটিয়েছেন, তঁারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ ভুলের ভার শিক্ষার্থীরা সারা জীবন বহন করবে।
আমাদের মতো দেশে শিক্ষায় সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন, কিন্তু এ খাতটি বরাবরই উপেক্ষিত। দ্রুত সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি। যঁারা এ ভুলের সঙ্গে জড়িত, তাঁদের শাস্তির আওতায় আনা হোক।
আলমগীর ইমন
লোহাগাড়া, চট্টগ্রাম।