ভুয়া চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমাদের রাজধানী ঢাকাসহ সারা দেশে এখন ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য ও অপচিকিৎসা ভয়াবহভাবে বেড়ে গেছে। এসব প্রতারক চিকিৎসক একদিকে সাধারণ মানুষকে জিম্মি করে ভুল ও অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে হাতিয়ে নিচ্ছেন অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা।
ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকেরা ছলে-বলে-কৌশলে নামীদামি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করেন। এতে তাঁদের প্রচার ও প্রসার বেড়ে যায়। এমনকি এসব ভুয়া চিকিৎসক ও ক্লিনিককে কেন্দ্র করে সক্রিয় দালাল চক্র বা সিন্ডিকেট গড়ে উঠেছে।
আমাদের এই বাংলাদেশে এসব সিন্ডিকেট অসহায় রোগী ও তার আত্মীয়স্বজনকে প্ররোচিত করে ভুয়া হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে আসে। পুরো দেশেই এখন এই রমরমা ব্যবসা চলছে। হরহামেশা এসব সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও এদের দৌরাত্ম্য রুখবে কে?
এদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতা চালাতে হবে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিন।
মো. ইকবাল হোসেন
মৌলভীবাজার।