বাংলাদেশ সরকার ১৯৮০-৮১ সালের দিকে সারা দেশে ভূমি জরিপ করেছিল। তখন মাঠের জরিপ দল ভূমি মালিকদের দখল ও মালিকানা দেখে ভূমি রেকর্ড করেছিল। পরবর্তীকালে জরিপের নানা ভুল সংশোধনের জন্য আরও কয়েকটি ধাপে কাজ হয়েছে, কিন্তু সেটার বিষয়ে মানুষ তেমন একটা অবগত ছিল না। সম্প্রতি জানতে পারলাম, চূড়ান্ত মাঠ পরচা অনুসারে খাজনা দিতে হবে। বেশ কয়েক বছর আগে ভূমি অফিসের কর্মচারী পরিচয়ধারী এক ব্যক্তি বাড়িতে চূড়ান্ত মাঠ পরচা দিয়ে গিয়েছিলেন। এটার সঙ্গে জরিপ চলাকালীন দেওয়া দাগ নম্বরের মিল আছে।
কিন্তু খাজনা দিতে গিয়ে জানলাম, এসব কাগজ ভুয়া। এদিকে মাঠ পরচা সংশোধনের ৩০ ধারা ও ভূমি ট্রাইব্যুনালে আবেদনের মেয়াদও শেষ হয়ে গেছে। লিখিতভাবে না জানিয়ে জরিপ দপ্তর চূড়ান্ত মাঠ পরচা প্রকাশ করবে, এটা গ্রহণযোগ্য নয়। এখন জমা খারিজ করতে গিয়ে জমির প্রকৃত মালিককে হয়রানির শিকার হতে হচ্ছে। জরিপ কর্মকর্তাদের গাফিলতি ও গ্রামের অসাধু ব্যক্তিদের কারসাজিতে এবং সেটেলমেন্ট অফিসের সিল নকল করে ভূমি মালিকদের ভুয়া পরচা সরবরাহ করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জানতে পেরেছি, আমিসহ এমন অনেকেই এর ভুক্তভোগী হয়েছেন। সে কারণে ভূমি ট্রাইব্যুনালের সময় বাড়িয়ে এবং এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে জমির প্রকৃত মালিকদের নামে মাঠ পরচা চূড়ান্ত করার জোর আবেদন জানাচ্ছি।
মো. খায়রুল হক, নেত্রকোনা।