ভূ-অভ্যন্তরে শিলায় যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। কম্পন-তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এই তরঙ্গ ভূ-গর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের সময় মানুষ ভয় পেয়ে রাস্তায় বের হয়ে আসে, এটা সচেতনতার অংশ। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, তাড়াহুড়ো করে বাইরে আসতে গিয়ে আমরা নিজেরাই না আবার আহত হই। উদাহরণস্বরূপ বলা যায়, গতকাল ভোররাতে ভারতের মণিপুর রাজ্যে অনুভূত ৬.৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশে পাঁচজন নিহত হয় এবং আহত হয় অর্ধশত। তাড়াহুড়ো করে বের হতে গিয়েই আহত হয় এই অর্ধশত মানুষ। বিশেষ করে উঁচু ও বড় ভবনে এমন ঘটনা ঘটে থাকে।
ফলে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ভূমিকম্প শুরু হলে শক্ত টেবিল, ডেস্ক বা নিচে জায়গা আছে—এমন শক্ত ও মজবুত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। এতে কোনো কিছু ভেঙে সরাসরি মাথায় পড়বে না।
তবে শুধু জনগণকে সচেতন হলেই চলবে না, সচেতন হতে হবে ভবনের মালিকদেরও। সঠিক পদ্ধতি অনুসরণ করে বাড়ি তৈরি করতে হবে, যাতে ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে না পড়ে। সবাই সচেতন হলে প্রাণহানি রোধ করা যাবে।
গত এক বছরে দেশে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে। ফলে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।