বাংলাদেশের ওষুধশিল্প মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্বে স্থান করে নিয়েছে, এটা গৌরবের কথা। কিন্তু সম্প্রতি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ আমাদের সত্যিই হতাশ করেছে। সংবাদটি হলো সারা দেশে চলছে ভেজাল ওষুধের রমরমা ব্যবসা। ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাব হয়ে গেছে।
ওষুধ মানুষের সুস্বাস্থ্য ও জীবন রক্ষার জন্য অন্যতম উপাদান। বর্তমানে দেশে ওষুধ কোম্পানির সংখ্যা প্রায় ২৭০টি। মানসম্পন্ন এবং সঠিক পদ্ধতিতে ওষুধ তৈরি করে—এমন কোম্পানির সংখ্যা মাত্র ৪০টি। বেশির ভাগ কোম্পানি স্বাধীনভাবে বাধাহীন ভেজাল এবং নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে যাচ্ছে। এ যেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, যা চরম শাস্তিযোগ্য অপরাধ।
এই অবৈধ ব্যবসার আড়ালে দেশের চিকিৎসকদের একাংশ কমিশন পাওয়ার লোভে ভেজাল ওষুধ রোগীদের সেবনের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। এটা অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। তা ছাড়া কিছু ওষুধ শিল্পের মালিক এবং সংঘবদ্ধ একটি ব্যবসায়িক গোষ্ঠী মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল ওষুধের ব্যবসা করে যাচ্ছে। ভেজাল ওষুধের এই ব্যবসা দিন দিন বেড়েই চলছে। এতে কত মানুষের জীবন যাচ্ছে বা কত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে—সে খবর কে-ই বা জানে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে অনতিবিলম্বে এ ব্যাপারে
কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, এটাই জনগণের আশা।
মাহতাব আলী, ঢাকা।