ভেজালের প্রতিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য, ওষুধ, প্রসাধনসামগ্রীসহ আজ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভেজালের ছড়াছড়ি। অতিমুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী সব দেশি ব্র্যান্ড থেকে শুরু করে নামীদামি বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য তৈরি, বাজারজাত ও বিক্রয় করছেন, তা-ও একদম প্রশাসনের নাকের ডগায়। ফুটপাত থেকে শুরু করে দেশের সব বড় বড় সুপার শপে বিক্রি হচ্ছে মরণঘাতী এই নকল পণ্য। নকল পণ্যগুলো এমনভাবে বাজারজাত করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ তো প্রতারিত হচ্ছেই, খোদ কর্তৃপক্ষও চিনতে পারছে না কোনটা আসল আর কোনটা নকল।
শ্যাম্পু, ফেসওয়াশ, বডি লোশন, বডি স্প্রে, পারফিউম, পাউডার, ক্রিমসহ নানা প্রসাধনসামগ্রীর ফয়েল প্যাকে নিরাপত্তা আবরণ না থাকায় গ্রাহকেরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তাই ভেজাল পণ্য থেকে পরিত্রাণ পেতে প্রতিটি পণ্যকে (ওষুধসহ) ফয়েল প্যাকে নিরাপত্তা আবরণ দ্বারা আবৃত করে গোপন কোড দিয়ে চিহ্নিত করা হোক। গ্রাহক স্ক্র্যাচ করে ওই গোপন কোডটি একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে পণ্যটি আসল নাকি নকল। সেই সঙ্গে আরও জানিয়ে দেওয়া হবে পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ। পণ্যের অন্যান্য বিবরণও সঙ্গে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই এসএমএস বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো ক্রেতাসাধারণ আগ্রহ হারাবে। প্রশাসনকে উদ্যোগ নিয়ে সব কোম্পানিকে এ কাজ করতে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে তাদের বাধ্য করতে হবে।
ইনসান আতিক, ব্রাহ্মণবাড়িয়া।