ভোকেশনাল শিক্ষা
দৈনিক পত্রিকা মারফত জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে উপজেলা সদরে অবস্থিত মডেল স্কুলগুলোকে জাতীয়করণের পক্ষে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছেন। মডেল স্কুলগুলো যেহেতু স্থাবর-অস্থাবর সম্পদ, অবকাঠামোসহ সবদিক দিয়ে সচ্ছল, সেহেতু এ স্কুলগুলো জাতীয়করণ করা হলে সরকারের সাশ্রয় হবে, এটা নিশ্চিত। এতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে, তেমনি গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্যও কিছুটা দূর হবে। তবে কেউ কেউ মডেল স্কুলগুলোয় সংযুক্ত ভোকেশনাল ও বিএম (এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমকে বাদ রেখে জাতীয়করণের কথা বলছেন। এটা দুঃখজনক।
কারিগরি শিক্ষা দেশে দক্ষ জনশক্তি সৃষ্টিতে কাজ করছে, আত্মকর্মসংস্থানের জন্য এর বিকল্প নেই। কাজেই সংযুক্ত ভোকেশনাল ও বিএম কোর্সকে বাদ রেখে স্কুল জাতীয়করণ করা হলে তা হবে আত্মঘাতী। তবে যদি আলাদা রাখতেই হয়, তবে এগুলো জেলা শহরগুলোর সরকারি ভোকেশনাল ও কমার্শিয়াল কলেজগুলোতে সংযুক্ত করা যেতে পারে। এতে করে কারিগরি শিক্ষাকে গুরুত্বহীন ভাবার কোনো অবকাশ থাকবে না।
শিক্ষক, সিরাজগঞ্জ।