ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় রাস্তা কাটার মহড়ায় মানুষ ভোগান্তি পোহাচ্ছে। প্রতিবছর আমাদের এ দুর্ভোগ পোহাতে হয়। ঢাকার আর দশটা পথ সমস্যার মতো এটিও আমাদের হজম হয়ে গেছে। কিন্তু এবারের সমস্যা কেন যেন বদহজমও হচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের (কালুঘাট-আজিজ মার্কেট-বাউনিয়া-জসিমউদ্দীন রোড) লাখ লাখ মানুষকে ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে মাইলের মতো রাস্তা।
যদি কেউ এ পথে সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে যাতায়াত করেন তাহলে খেয়াল করবেন, পথচারীদের বেশির ভাগই শিশু, যারা প্রতিদিন এ পথে স্কুল–কলেজে আসাযাওয়া করে। দেখা যাবে, রিকশাকে যত দূর আনা যায় তার চেষ্টা করে কোনো মুরব্বিকে বলতে শোনা যাবে, ‘যাওনা ভাই, দেখ না, আর একটু সামনে যাওয়া যায় কি না। আমি তো হাঁটতে পারি না, তাই বলছি।’ কোনো গর্ভবতী নারীকেও ধীরে ধীরে উঁচু স্থানে সন্তর্পণে পা ফেলতে দেখা যাবে। এর চেয়ে ভয়াবহ হলো, রাস্তার কাজ শুরুর ১৫ দিন পর কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
দুশ্চিন্তা হচ্ছে, সামনে বৃষ্টিবাদলের দিন। এর আগেই যদি রাস্তার কাজ শেষ করা না হয়, তাহলে দুর্গতি ও দুর্ঘটনা হতে পারে এলাকাবাসীর নিত্যসঙ্গী। (কাজ শুরু হওয়ার পরদিন ইতিমধ্যে একটি দুর্ঘটনার খবরও পাওয়া গেছে)। কর্তৃপক্ষ কি আমাদের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত কাজ শেষ করবে?
খোশনুর
ঢাকা।