সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে পরিবার সঞ্চয়পত্র ভাঙাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছি। সকাল ১০টা ১৮ মিনিটে টোকেনের জন্য লাইনে দাঁড়িয়ে বিকেল ৪টা ১৫ মিনিটে টাকা হাতে পেয়েছি। টোকেন দেওয়া হলেও এখানে সিরিয়াল রক্ষা করা হয় না। এই কম্পিউটারের যুগে একটা সঞ্চয়পত্র ভাঙাতে কেন সারা দিন লাগবে—সংশ্লিষ্টদের প্রশ্ন করে এর কোনো সদুত্তর পাইনি, উল্টো তাদের দুর্ব্যবহারের শিকার হয়েছি। উল্লেখ্য, পরিবার সঞ্চয়পত্র কেবল মহিলারাই কিনতে পারেন। মহিলা বলেই কি এই অবহেলা? সরকার দেশকে ডিজিটাল করার প্রত্যয় ঘোষণা করেছে। এ লক্ষ্যে অনেক কাজও করা হয়েছে। কিন্তু এক শ্রেণির কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। সরকারের ভাবমূর্তি নষ্টকারী এসব কর্মচারীকে অবিলম্বে চিহ্নিত করা দরকার। কী কারণে সঞ্চয়পত্র ভাঙাতে গ্রাহকগণ অহেতুক বিলম্বের শিকার হচ্ছেন; তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।