গত রোববার রাত থেকে টানা ১৬ ঘণ্টার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। অব্যাহত বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল, বিশেষ করে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ, হালিশহর, ছোটপুল, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, কাতালগঞ্জ, ২ নম্বর গেটসহ কোথাও কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি জমে গেছে। পানিতে থইথই করছে নগরী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেই সঙ্গে টানা ১৬ ঘণ্টার লোডশেডিংয়ে দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে।
টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, বাকলিয়া ও আগ্রাবাদের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর আগেও মে মাসের শেষের দিকে মোরার প্রভাবে বৃষ্টিপাতসহ চলতি বর্ষায় বেশ কয়েকবার জলাবদ্ধতার ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে চট্টগ্রামবাসীকে।
জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনেও বারবার এটি প্রধান ইস্যু হয়ে উঠেছে। কিন্তু সমস্যার সমাধান তো হয়ইনি, উপরন্তু পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে।
মেয়র নির্বাচনের আগে জলাবদ্ধতা নিরসনই প্রার্থীদের প্রধান অঙ্গীকার থাকে। অথচ কাজের কাজ কিছু হয় না। এ অবস্থা আর কতকাল চলবে।
শারমিন চৌধুরী
চট্টগ্রাম।