কর্মসংস্থান, ভ্রমণ, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে বিদেশে যেতে পাসপোর্টের প্রয়োজন হয়। সেই পাসপোর্ট তৈরি করতে গিয়ে পাসপোর্ট-প্রত্যাশী ব্যক্তিদের অনেক ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। পুলিশ প্রতিবেদন তাঁদের ভোগান্তির এক অন্যতম কারণ। যাচাই-বাছাইয়ের নামে পাসপোর্ট-প্রত্যাশী ব্যক্তিদের কাছ থেকে পুলিশের ঘুষ নেওয়ার প্রথা যেন যুগ যুগ ধরে চলে আসছে। পাসপোর্ট ইস্যু, নবায়ন, সংশোধন, ডেলিভারি, বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি, শরণার্থীদের আইডি কার্ড ইস্যু, অ্যারাইভাল ভিসা ইস্যু ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানির সীমা নেই যেন পাসপোর্ট অফিসে।
অফিস স্টাফ থেকে শুরু করে পিয়ন, দালাল, পুলিশ—সবাই এই দুর্নীতিতে জড়িত। দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে দুদক গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ৩০ আগস্ট পাসপোর্ট অধিদপ্তরের গণশুনানিতে এসব অভিযোগ ওঠার পর মহাপরিচালক পাসপোর্ট-প্রত্যাশী ব্যক্তিদের ভোগান্তি কমাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি তুলে দেওয়া এবং সেই সঙ্গে পাসপোর্টের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
আশা করছি, এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের জনগণ ভোগান্তি ও হয়রানির শিকার না হয়ে পাসপোর্ট অফিসে দুর্নীতিমুক্ত সঠিক সেবা পাবেন। কারণ, পাসপোর্ট পাওয়া নাগরিক হিসেবে আমাদের অধিকার।
আশীষ শীল, চট্টগ্রাম।