২ সেপ্টেম্বর মধ্যরাতে তূর্ণা এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলাম। রাত আনুমানিক সাড়ে তিনটায় হঠাৎ ট্রেনটি একটি অজ্ঞাত স্থানে থেমে যায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার। তবে ট্রেনটি পুরোপুরি না থেমে আবার চলার চেষ্টা করে। কিন্তু একটা বিকট শব্দ করে এটি পুরোপুরি থেমে যায়। তখনই শুনি এক নারীর আর্তনাদ। ঠিক পেছনের আসনের ওই যাত্রী চিৎকার করে লাফিয়ে ওঠেন। জানালা দিয়ে তাকাতেই দেখি, এক যুবক ছাদ থেকে ঝুলে আছে। তার হাতে লোহার আংটা। এদিকে ট্রেনের চালক বারবার চেষ্টা করছেন ট্রেনটি চালাতে।
আমি কর্তব্যরত অ্যাটেনডেন্টদের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু তাঁরা কিছু করতে পারবেন না বলে জানান। দেখা গেল বগির একটি দরজা খোলা। দুর্বৃত্তরা সহজেই জানালা দিয়ে কামরায় ঢুকে যেতে পারে। অ্যাটেনডেন্টরা ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন না। তাঁরা ব্যস্ত বিনা টিকিটের যাত্রীদের বসানোর ব্যবস্থা নিয়ে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠলে অ্যাটেনডেন্ট পুলিশ ডেকে আনেন। পুলিশ সদস্যরা ছাদে অবস্থানরত দুর্বৃত্তদের বিরুদ্ধে কিছু করতে অস্বীকৃতি জানান। কামরার দেয়ালে লাগানো রেল পুলিশের কন্ট্রোল রুমের নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। এই যদি হয় রেলের নিরাপত্তাব্যবস্থা, তাহলে এই রেলওয়ে নিয়ে আমরা কী করব?
জয়দীপ দে
চট্টগ্রাম।