মৌলভীবাজার জেলাকে হাজার বছর ধরে সৌন্দর্য দিয়ে আসছে মনু নদ। জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকেই মনু নদের যাত্রা শুরু। এখানেই মনু নদের নামে গ্রাম, বাজার, এমনকি মনু রেলস্টেশনও রয়েছে। কিছুদিন আগে অতিবৃষ্টির ফলে মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে, যার ফলে নদীর তীরবর্তী বসতবাড়িতে পানি উঠে যায়। এতে নদীর তীরবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়েছে।
মনু নদীর প্রায় আট জায়গায় যেকোনো সময় বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। নদীতীরের বাঁধগুলো ভেঙে গিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সামান্য বৃষ্টিতেও এলাকাবাসী বন্যার আশঙ্কায় থাকে। এ ছাড়া নদীর তীরবর্তী রাস্তাগুলো দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।