মনুষ্যত্বের জয় হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘটে যাওয়া এত এত নৃশংসতার ভিড়ে নিজেকে মানুষ ভাবতেই লজ্জা হয়! শিশু রাজন হত্যা, হিজড়াকে পিটিয়ে হত্যা, ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, চাচাতো বোনের সঙ্গে বেড়ানোর অভিযোগে ভাইয়ের কবজি কেটে চোখ উপড়ে ফেলে হত্যা এবং তঁার বাবাকে হাঁটু পর্যন্ত কেটে ফেলা, স্ত্রীর চোখ উপড়ে ফেলা, তিন ভাইকে পিটিয়ে হত্যা, নিজ দুই সন্তানকে হত্যা—এই হলো ঈদের আগে ও পরের কয়েক দিনের বর্বরতার বিবরণ।
মানবাধিকার সংস্থা ‘অধিকারের’ সাম্প্রতিক প্রতিবেদন মতে, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ৭৭ জন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান সত্যিই ভয়াবহ। বোঝা যাচ্ছে, ক্রমেই আমরা হয়ে উঠছি অসহিষ্ণু স্বার্থপর আত্মকেন্দ্রিক এক একজন মানুষ। দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ ফিরে যাচ্ছে আদিম পশুত্বের যুগে। ক্যানিবালিজমের অর্থ যদি হয় স্বজাতিকে হত্যা, তাহলে আমরাও কি ক্যানিবাল নই!
অপরাধবিজ্ঞানীদের মতে, ‘পোস্ট কলোনিয়াল সোসাইটিতে (সদ্য স্বাধীন) সামাজিকভাবে এই প্রবণতা দেখা যায়। জনগণের ভেতর যে হতাশা বা উন্মাদনা থাকে, তার প্রভাবেই এ ধরনের আগ্রাসী আচরণ বেরিয়ে আসে।
রাষ্ট্র যদি এসব আচরণকে নিরুৎসাহিত না করে, তবে এসব আচরণ বেশি প্রকাশ পায়।’ এর সঙ্গে আরও যুক্ত হয়েছে নৈতিক মূল্যবোধের অভাব, নড়বড়ে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, আইনের শাসনের অভাব, পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোর শিথিলতা ইত্যাদি বিষয়গুলো।
মনুষ্যত্ব বাঁচিয়ে রেখে সমাজের সুস্থতা বজায় রাখার সব আয়োজন আমাদের রাষ্ট্রে করা হোক, সেটাই কামনা করছি।
ঢাকা।