দলীয় নেতা-কর্মীরা মন্ত্রী-এমপিদের প্রায়ই দেখেন, তাঁদের কথা শোনেন। মন্ত্রী-এমপিরা হয়তো কালেভদ্রে কোনো স্কুলে যান। স্কুলের অনুষ্ঠানে মন্ত্রী, এমপি অতিথি হয়ে এলে বক্তব্য শুনবেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অভিভাবকরা। স্কুলের অনুষ্ঠানেও মন্ত্রীর পেছনে দলীয় নেতা–কর্মীদের দাঁড়িয়ে থাকতে হবে কেন?
স্কুলে মন্ত্রী এলেন, ছাত্রছাত্রীরাই দেখবে, বক্তব্য শুনবে। মন্ত্রীর মুখে বড় মানুষ হওয়ার গল্প শুনবে, ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে দেশের জন্য, মানুষের জন্য কীভাবে কাজ করবে, তা শুনবে। স্কুলের অনুষ্ঠান তো আর জনসভা নয় যে সেখানে নেতা-কর্মী, সমর্থকেরা এসে স্লোগান দিতে হবে!
সব সময় নেতাদের পেছনে লেগে থাকার সংস্কৃতি বদলাতে হবে। দেশ উন্নত হচ্ছে, সেই সঙ্গে আমাদের মন-মানসিকতাও উন্নত হওয়া দরকার। উন্নত দেশে প্রধানমন্ত্রী কোনো এলাকা পরিদর্শন করলে জনগণ তাঁকে ঘিরে ধরেন না।
অথচ আমাদের দেশে আগাম খবর ছাড়া কোনো সংসদ সদস্য এলে শত শত কর্মী ও উৎসুক জনতা ভিড় করেন। তার মানে কি আমাদের কাজকর্ম নেই, নাকি সেটা ফেলে রেখে মন্ত্রী-এমপিদের কথা শুনতেই আমাদের ভালো লাগে?
রফিক আহমদ খান
মালয়েশিয়াপ্রবাসী।