আমাদের বেঁচে থাকার জন্য গাছ অপরিহার্য। যত বেশি গাছ থাকবে, তত বেশি প্রকৃতি তথা মানবজীবন নিরাপদ থাকবে। কিন্তু কোনো কোনো সময় এই গাছের কারণেই যদি দুর্ঘটনা ঘটে ও কেউ নিহত বা আহত হয়, তার জন্য তো গাছ দায়ী নয়, দায়ী আমরাই। আগে পুরো ধানমন্ডি এলাকা ছিল গাছে ঢাকা। কিন্তু নগরজীবনে মানুষের বাসস্থানের চাহিদা মেটানোর জন্য প্রচুর গাছ কেটে বড় বড় ভবন নির্মিত হয়েছে। এই এলাকায় এখনো বেশ কিছু পুরোনো বড় বড় গাছ আছে, যেগুলোর শিকড় আলগা হয়ে গেছে। এসব গাছ এখন আমাদের জন্য হুমকিস্বরূপ। কিছুদিন আগে এই ধানমন্ডিতেই রিকশার ওপর গাছ পড়ায় গুণী চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু মারা যান।
কয়েক দিন আগে ধানমন্ডির ১২/এ-তে চোখের সামনে একটি বড় গাছ অল্প বাতাসেই ভেঙে পড়ল। সেখানে অল্পের জন্য হতাহতের ঘটনা ঘটেনি। শুধু ধানমন্ডিতে নয়, ঢাকাজুড়েই এ রকম পুরোনো গাছ নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। এগুলো যেন আমাদের মৃত্যুফাঁদ। সবাই একদিন মারা যাবে। কিন্তু এভাবে গাছচাপা পড়ে মারা যাওয়া নিশ্চয়ই আমাদের কারও কাম্য নয়। রক্ষণাবেক্ষণও যে একটি কাজ, প্রশাসনকে তা অনুধাবন করতে হবে।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।