বর্তমানে বাংলাদেশের শহর-বন্দর, গ্রামগঞ্জ সর্বত্র জনজীবন মশার উপদ্রবে বিপর্যস্ত। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। এই মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার কোমলমতি ছাত্রছাত্রী ও গর্ভবতী মায়েরা। মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া উল্লেখযোগ্য। বর্তমানে সবচেয়ে আলোচিত রোগ হচ্ছে মাইক্রোসেফালি, যা মশাবাহিত জিকা ভাইরাসের কারণে হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে।
এই ভাইরাসের কারণে গর্ভের সন্তানের মস্তিষ্ক অপরিপক্ব থাকে এবং শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে আকারে ছোট হয়। এই রোগের জন্য ব্রাজিলে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশেও সম্প্রতি জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অথচ সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, মশাবাহিত বিভিন্ন রোগের আশঙ্কা থাকা সত্ত্বেও সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় প্রশাসন মশা নিধনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। মশার উপদ্রব ও জিকা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করি।
জি এ ইসলাম, এমএস হল, চবি।