মহান বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। বিজয় দিবস যেমনি আনন্দের তেমনি বেদনারও। ১৯৭১ সালের এ যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, ছিল জাতিকে পরাধীনতার হাত থেকে চির মুক্তি এনে দেওয়ার যুদ্ধ। বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভূমির কপালে পরিয়েছিল বিজয়ের লাল টিপ।
এ দেশের মানুষের স্বপ্নপূরণ, আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার আদায় এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির জাতীয়তাবাদ জন্ম নিয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। এই ভাষা আন্দোলন থেকেই পরবর্তী সব স্বাধিকার আন্দোলনে জাতি সংগ্রামের অনুপ্রেরণা পেয়েছিল।
আমরা এ বছর ৪৪তম বিজয় দিবস পালন করছি। একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়া ছিল মুক্তিযুদ্ধের প্রত্যাশা। কিন্তু জাতি আজও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এ প্রত্যাশা পূরণ করতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে জাতিকে আরও যত্নবান হতে হবে। জাতীয় ঐক্য গঠন করে দেশকে এগিয়ে নিতে হবে, কেননা একতা ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে সব সমস্যা মোকাবিলায় সচেষ্ট হলে আমাদের দ্রুত অগ্রগতি ঘটবে। আমরা সবাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হব—এই হোক আমাদের বিজয় দিবসের অঙ্গীকার।
সব শহীদকে জানাই বিনম্র শ্রদ্ধা।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।