বাংলাদেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ মোহাম্মদ রফি খান (এম আর খান) আর নেই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বাড়ি যশোর ও সাতক্ষীরার মাঝামাঝি হওয়ায় যশোরের চেয়ে সাতক্ষীরায় বেশি যাতায়াত। ছোটবেলায় আমি প্রায়ই নানান অসুখ–বিসুখে আক্রান্ত হতাম। একসময় এতই অসুস্থ হয়ে পড়ি যে আমি আমার বাবা–মাকে নাকি তখন বলতাম, মনে হয় আমি আর বাঁচব না!
আর এ কথা শুনে বাবা–মা দুজনেই হাউমাউ করে কান্নাকাটি করতেন আর আমাকে জড়িয়ে ধরতেন। হঠাৎ একদিন কেউ একজন বাবাকে সাতক্ষীরার শিশু হাসপাতালের কথা বলেছিলেন, যার অন্যতম রূপকার ছিলেন সদ্যপ্রয়াত এম আর খান। পরদিন বাবা আমাকে সকালে সাতক্ষীরার শিশু হাসপাতালে নিয়ে যান। এরপর আমি সুস্থ হয়ে উঠি। এখনো আমাদের গ্রাম ও আশপাশের গ্রামের শিশুরা অসুস্থ হলে তাদের সাতক্ষীরার শিশু হাসপাতালে নেওয়া হয়। তাঁর এসেন্স অব পেডিয়াট্রিকস পড়ার সময় অবশ্যই এই মহৎপ্রাণ মানুষের কথা মনে পড়বে। আবারও তাঁর আত্মার শান্তি কামনা করছি।
মো. জিল্লুর রহমান
সাভার, ঢাকা।