ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা অংশ বর্তমানে একটি বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তার পাশের পয়োনিষ্কাশনের নালাগুলো আবর্জনা ও নোংরা পানিতে ভরপুর। মহাসড়কে চলমান বাসের যাত্রীরা এসব আবর্জনার দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করছে। অথচ গাজীপুর বর্তমানে একটি সিটি করপোরেশন এবং বছর খানেক আগে একজন মেয়রও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। দুঃখের বিষয় হলো, গাজীপুর সিটি করপোরেশন হওয়ার আগে পৌরসভার সময়ই রাস্তার অবস্থা এখনকার চেয়ে ভালো ছিল। তাহলে প্রশ্ন উঠতেই পারে, পৌরসভাকে সিটি করপোরেশন করার কী দরকার ছিল।
একদিকে রাস্তা ভাঙা, অন্যদিকে এই ময়লা–আবর্জনা—এ দুয়ে মিলে এ মহাসড়কে চলাচল করাই দায় হয়ে উঠেছে। কথা হচ্ছে, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কর্মকর্তারা কী করছেন? সড়ক থেকে ময়লা–আবর্জনা সরানোর দায়িত্ব তো তাদের, এটা কি তারা অস্বীকার করতে পারেন। এর কোনো ব্যাখ্যা কি তাঁরা দিতে পারবেন?
সরকার বা প্রশাসনের কথা যদি ছেড়ে দিই, তাহলে বলা যায়, এখানকার স্থানীয় মানুষের কি কিছুই করার নেই? তাদের পরিচ্ছন্নতাবোধ কি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছে? টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অসংখ্য দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের কি বোধশক্তি একেবারে লোপ পেয়েছে? এটা কি সভ্যতার লক্ষণ?
মারুফ আহমেদ, কালিয়াকৈর, গাজীপুর।