প্রতিবছর দুই ঈদে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরার সময় যাত্রীদের ভয়াবহ ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হয়। সরকার এবার রোজার ঈদে রাজধানী থেকে বাড়িতে ফেরা মানুষদের যাওয়া-আসা নির্বিঘ্ন-নিরাপদ করতে বেশ কিছু আগাম ব্যবস্থা নিয়েছিল, এতে কিছুটা কাজও দিয়েছিল। কিন্তু পরিবহন ব্যবস্থার নানা অনিয়ম-অব্যবস্থাপনা, নৈরাজ্য, সংকট, ভাড়া বৃদ্ধি ইত্যাদি বেড়েই চলেছে।
সড়ক মেরামতের ব্যবস্থা তদারকিতে স্বয়ং যোগাযোগমন্ত্রী তাঁর স্বভাবসুলভ তৎপরতায় সারা দেশ ছুটে বেড়িয়েছেন। ফলে রোজার ঈদের সময় কিছু দুর্ঘটনা-দুর্বিপাক সত্ত্বেও ঈদে রাজধানী ও বন্দরনগর ছেড়ে যাত্রীদের ঘরে ফেরার ভোগান্তি অনেকটাই সহনীয় ছিল। দেশের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ঈদের পর তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
এবার ঈদেও সরকার অনুরূপ ব্যবস্থা নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে সচেষ্ট হবে আশা করছি। পাশাপাশি, নৌপথে ফিটনেসবিহীন নৌযান ও অতিরিক্ত যাত্রীবোঝাই যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে নৌ–দুর্ঘটনাও রোধ করা সম্ভব হবে। তাহলে রোজার ঈদের পর যে বিয়োগান্ত ঘটনা আমরা দেখেছিলাম, এবার আর তা দেখতে হবে না।
কাজী মুহাম্মদ রোকনুজ্জামান
চট্টগ্রাম।