বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় মহাসড়কে সব ধরনের অটোরিকশা, টেম্পো ও অযান্ত্রিক তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে। আর এতেই সারা দেশের যোগাযোগব্যবস্থায় এক অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কে সড়কে চলছে অবরোধ, ধর্মঘটসহ পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে মহাসড়কগুলোতে তীব্র যানজটের পাশাপাশি সাধারণ সড়কগুলোতে যানবাহনের সংকটের কারণে যাত্রীদের মহাভোগান্তি সইতে হচ্ছে।
যদিও সরকার মহাসড়কগুলোর দুর্ঘটনা রোধে এই ব্যবস্থা নিয়েছে, কিন্তু সে জন্য চাই যথাযথ পদক্ষেপ। বিশ্বের উন্নত দেশগুলোতে মহাসড়কে আলাদা লেনের ব্যবস্থা আছে, যা আমাদের দেশে নেই। আবার আমাদের এমন অনেক জায়গা আছে যেখানে এক জেলা থেকে অন্য জেলায় বা এক সড়ক থেকে আরেক সড়কে ওঠার জন্য মহাসড়ক ব্যবহার করতে হয়। তাই আমাদের দেশের তিন চাকার যান অনেকটা বাধ্য হয়েই মহাসড়ক ব্যবহার করে। দেশের মোট জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য হলো ৩ হাজার ৫৭০ কিলোমিটার। সুতরাং আমরা যদি এই অংশে আলাদা লেনের ব্যবস্থা করতে পারি, তাহলে সব সমস্যার সহজ সমাধান হয়ে যায়। আশা করব, সরকার মহাসড়কগুলোতে আলাদা লেন চালুর পাশাপাশি সড়কগুলো থেকে সব ধরনের ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন সব চালক ও গাড়ি দূর করার সঙ্গে সঙ্গে মহাসড়কে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।
মো. ইকবাল হোসেন, কুমিল্লা।