মা দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ‘মা’ দিবসের এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল। সন্তানের কাছে বিশ্বের সব মা-ই পূতপবিত্র, অনাবিল, আনন্দময় এক প্রতিচ্ছবি। শুধু ১০ মে নয়, বছরের সব কটি দিনই তাঁরা আমাদের প্রাণের সম্পদ, আমাদের অহংকার, অলংকার।
দ্য ভিঞ্চির ‘মোনালিসা’ যেমন সহজ-সরল মনোলোভার আলোকচ্ছটা, বিশ্বের সব মা-ই তেমনি শাশ্বত সুন্দর, মায়াময়। তিনি মৃত হলেও জীবিত, মরণের ঘরে অকৃত্রিম, অমর। আমরা যারা মা, তারা জানি, সন্তানের জন্য আমাদের হৃদয়ে কত আকুলতা। মা আর সন্তান অদৃশ্য সুতার এক অজর বন্ধনে চিরকাল বাঁধা।
আমাদের অস্তিত্বের দুটো অংশ—‘মাতৃভাষা আর মাতৃভূমি’ তো মায়ের সঙ্গেই জড়িত। শ্রদ্ধা আর ভালোবাসায় চলুন মাকে জানাই অভিনন্দন আর অভিবাদন। তাঁকে যত্ন করি পরিবারের খুঁটির মতো। আমাদের জন্য মায়েদের যে মাধুর্যমণ্ডিত ভালোবাসা, আসুন তেমনি এক ভালোবাসার আবহে মাকে রেখে দিই পরম আদরে, যত্নে আর ভালোবাসায়। ভালো থেকো মা, শুধু আজ নয়, কাল নয়, যুগ থেকে যুগান্তরে, ভবিষ্যতের প্রতিটি স্বপ্নে, সাধনায়।
মনোয়ারা সুলতানা
তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।