গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে হাত বাড়ালে খুব সহজেই মাদকদ্রব্য মিলছে। মাদক সরবরাহকারী একটি চক্র রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এই এলাকায় শক্তিশালী হয়ে উঠেছে।
ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন প্রভৃতি রকমারি মাদকে ছেয়ে গেছে এখানকার অলিগলি। এসব মাদকদ্রব্যের বেশির ভাগ ক্রেতাই হচ্ছে বেকার যুবক। এখানে গাঁজা বা মদ এখন অনেকটা ভাত-মাছের মতো সহজলভ্য হয়ে গেছে। ছোট থেকে শুরু করে যুবকদের মধ্যে বেশির ভাগ ছেলেই মাদক গ্রহণ করছে | এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে |
মাদকের অর্থ জোগাড় করতে এরা অনেক সময় চুরি বা ছিনতাইয়ের মতো কাজও করছে। অনেকে প্রকাশ্যেই মাদক গ্রহণ করছে এবং বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। মাদকের এত ছড়াছড়ি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে কি?
শেখ মোহাম্মাদ পনির
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।