সম্মান প্রথম বর্ষের মান উন্নয়ন পরীক্ষার ফলাফল দেখার পর আমি হতাশ হয়ে যাই। আমি মান উন্নয়ন পরীক্ষা দিয়েছিলাম তিন বিষয়ে, যেগুলোতে আমার এফ ছিল। ফলাফলে দেখি, আবারও সেই তিনটি বিষয়ে এফ এসেছে। অথচ তিনটি বিষয়ের পরীক্ষাই আমার খুব ভালো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দিয়েছি। রোল নম্বর পূরণ করা, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করা—সবকিছুই ঠিকঠাক ছিল।
অথচ আমার এফ (ফেল) এল। তার পরও এমন ফলাফলে ভীষণ দুঃখ ও কষ্ট পেয়েছি।
আমরা গরিব পরিবারের ছেলে-মেয়ে। বাবা-মা অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ দেন। অনেকে আমরা টিউশনি করে খরচ জোগাই। পড়াশোনা চালানোটা আমাদের পক্ষে যুদ্ধের মতো। আমাদের পক্ষে বারবার মান উন্নয়ন পরীক্ষা দেওয়া সম্ভব নয়।
তাই মান উন্নয়নের ফলাফল আবারও পুনর্নিরীক্ষণ ও সংশোধনের জোর দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. ইমরান হোসেন
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।