মানব পাচার রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ শতকে যেভাবে আফ্রিকায় ক্রীতদাস বিক্রি করা হতো, ঠিক আধুনিক যুগে এসেও আমরা এক ভয়াবহ মানব পাচার দেখতে পেলাম। সাগরপথে অবৈধভাবে হাজার হাজার মানুষ যাঁরা চাকরির জন্য মালয়েশিয়া যাচ্ছেন, তাঁদের একটি বড় অংশকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িত মানব পাচার চক্ররা।
একটি অংশকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে মুক্তিপণের বিনিময়ে। বন্দী বাংলাদেশি নাগরিকদের ক্রীতদাস হিসেবে নেওয়া হয় থাইল্যান্ডের গভীর জঙ্গলে। তারপর আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়। যাঁরা মুক্তিপণ দিতে ব্যর্থ হন, তাঁদের ক্রীতদাস হিসেবে থাইল্যান্ডের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ যেন এক স্বেচ্ছায় মৃত্যুযাত্রা। অর্ধাহার–অনাহারে কাটছে তাঁদের জীবন। সম্প্রতি বিবিসিসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, থাইল্যান্ডের গহিন অরণ্য থেকে ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বিক্রি হয়ে গেছেন আরও ১৭০ জন। উদ্ধারকৃত ১২২ জনই বাংলাদেশি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকৃত বাংলাদেশিদের পরনে ছিল ঐতিহ্যবাহী লুঙ্গি, টি-শার্ট, পাজামা ইত্যাদি। আমাদের জানা দরকার, মানব পাচার রোধে থাইল্যান্ডের অবস্থা একেবারে নাজুক। এখনই উচিত সমুদ্রপথে থাইল্যান্ডে যেন মানব পাচার না হয়, তার কার্যকর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গড়ে তুলতে হবে সমুদ্র উপকূলীয় অঞ্চলে, আর তাঁদের ফিরিয়ে আনতে হবে।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা।