২০১২ সাল পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার, ২০১৩ সালে এর সঙ্গে যোগ হয়েছে আরও ২৬ হাজার রেজিস্টার্ড স্কুল। পরিসংখ্যান বলছে, ৩৬ হাজার সরকারি স্কুলের প্রায় এক-তৃতীয়াংশেরই প্রধান শিক্ষকের পদ শূন্য। বেশির ভাগ স্কুলে গড়ে শিক্ষক আছেন মাত্র চারজন। এ ছাড়া প্রশিক্ষণ বা মাতৃত্বকালীন ছুটির জন্য অনেক শিক্ষককে কর্মস্থলের বাইরে থাকতে হয়।
শিক্ষার্থীর শারীরিক বিকাশের মতো মেধা, প্রতিভা ও সামাজিক গুণাবলি বিকাশে খেলাধুলা ও প্রতিযোগিতা অপরিহার্য। শহরাঞ্চলে শিশুরা উপযুক্ত পরিবেশের অভাবে এগুলো থেকে বঞ্চিত। অন্যদিকে, গ্রামের স্কুলগুলোর ভূমি নিয়ে দাতাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরোধ থাকায় জায়গা থাকা সত্ত্বেও শিশুরা তার সুফল পাচ্ছে না। বিদ্যালয়ে অভিনয়, আবৃত্তি, বিতর্ক, নাচ-গান, ছবি আঁকা, সেলাই বা ফুল তোলা প্রভৃতির চর্চা হলে শিক্ষার্থীর গুণাবলি বিকশিত হয়।
আমাদের জিডিপির মাত্র ২ দশমিক ২ শতাংশ শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হয়, যা খুবই কম। এখনো অনেক িশশুর দুপুরের খাবারের নিশ্চয়তা নেই। সে জন্য শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।
মোহাম্মদ আশরাফুল আলম খান
ইউএনও, গোলাপগঞ্জ, সিলেট।