মানসিক হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মানসিক রোগাক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত মানসিক রোগীদের চিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত নয়। দেশের বৃহৎ মানসিক হাসপাতালটি পাবনা শহরের হিমাইতপুরে অবস্থিত। আরেকটি ভালো হাসপাতাল হচ্ছে ঢাকা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। কিন্তু সবার পক্ষে এসব জায়গায় যাওয়া কষ্টসাধ্য। ফলে চিকিৎসার অভাবে এই রোগীদের মানবেতর জীবনযাপন করতে হয়। অথচ তাদের সঠিক পরিচর্যা করতে হলে মনোরোগ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখতে হবে। তাদের নিয়মিত ওষুধ খাওয়ানো, উপযুক্ত নার্সিং ও নিবিড় পরিচর্যার প্রয়োজন।
তা ছাড়া, প্রাইভেট ক্লিনিকে রেখে অনেক মধ্যবিত্ত পরিবারের পক্ষে মোটা অঙ্কের ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। প্রতি জেলাতে না হলেও বিভাগীয় শহরগুলোতে যদি একটি করে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করা যায় বা সরকারি হাসপাতালে বিশেষায়িত মানসিক স্বাস্থ্য ইউনিট খোলা যায়, তাহলে মানসিক রোগীরা উপকৃত হতো। সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেত। সরকার বিষয়টি বিবেচনা করতে পারে।
এ কে এম মাসুদ রানা
লালমনিরহাট।