শুক্রবার পত্রিকা পড়ে জানলাম, দুর্বৃত্তরা মিরপুরে একটি মেয়েকে তার বাসায় কুপিয়ে খুন করেছে। প্রতিবেশীরা এ দৃশ্য দেখলেও কেউ মেয়েটিকে উদ্ধারে এগিয়ে যায়নি। মানুষ খুন হয়, এমনকি নিজের ঘরেও খুন হয়, এটা নতুন কথা নয়। কিন্তু একজন মানুষকে খুন হতে দেখেও অন্যরা এগিয়ে এল না, এ ব্যাপারটিই বেশি উদ্বেগের।
মানুষের প্রতি মানুষের মমত্ববোধ কী এত ঠুনকো হয়ে গেছে? মানুষ কী এতটা বোধশক্তিহীন হয়ে পড়েছে? এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। যারা ঘটনাটি দেখেছে, তারা এগিয়ে গেলে মেয়েটিকে বাঁচানো যেত কি না জানি না। কিন্তু অন্তত আমরা বলতে পারতাম, একদল মানুষ আরেকজন মানুষকে খুন হতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। সেটা সমাজের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকত। একবার শুধু ভাবুন তো, আপনাকে একদল মানুষ মারছে, আর আরেক দল মানুষ তা দেখেও চুপ করে আছে! মানুষ ভাবে, ঝামেলায় জড়িয়ে লাভ কী। কার কী হলো তাতে আমার কী আসে যায়। কিন্তু যেদিন নিজের ঘাড়ে পড়বে, সেদিন মানুষ বুঝতে পারবে। সে যেমন কারও পাশে দঁাড়ায়নি, তেমনি সেদিন তার পাশেও কেউ দাঁড়াবে না।
এটা আমাদের কাম্য নয়। মানুষই মানুষের পাশে দাঁড়াবে, অন্য কেউ নয়।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।