গত ১৭ জুলাই সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৯ হাজার ৯৬৭টি। এর মধ্যে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৭৯২টি এবং হাইকোর্ট বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি। মন্ত্রী সংসদকে আরও অবহিত করেন যে সহকারী জজ আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতসহ সব ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৪৬১টি। সিএমএম/সিজেএম আদালতে মামলার সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪১১টি। সরকারি দলের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদকে আরও জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ নয়জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে ৯১ জন বিচারপতি কর্মরত আছেন।
প্রধান বিচারপতি নিজেও কিছুদিন আগে সারা দেশের আদালতগুলোতে বিপুল পরিমাণ মামলাজট থাকায় অসন্তুষ্টি প্রকাশ করে সেগুলোকে দ্রুত নিষ্পত্তির কথা বলেছিলেন। ‘বিলম্বিত বিচার বিচারকেই অস্বীকার করে’। তাই এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিকল্প নেই।
সরকার দ্রুত নিষ্পত্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে—এটাই সবার প্রত্যাশা।
ওয়ালিউল হক, নওগাঁ।