মা হওয়ার বাসনা নারীদের চিরন্তন। মা হওয়ার পর শিশুর প্রতি মায়ের দায়িত্ব থেকে যায়। মায়ের যত্নের ওপর শিশুর সুস্বাস্থ্য নির্ভর করে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের প্রথম দুধ অর্থাৎ শালদুধ শিশুদের পান করানো আবশ্যক। কেননা, এই শালদুধে শিশুদের জন্য প্রয়োজনীয় এমন মূল্যবান উপাদান রয়েছে, যা শিশুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে৷ শালদুধে রয়েছে ভিটামিন ‘এ’, যা শিশুকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করে।
পবিত্র কোরআনে (সুরা বাকারা-২৩৩) সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, মায়েরা তাঁদের সন্তানদের পুরো দুই বছর বুকের দুধ পান করাবেন। স্তনপানে জরায়ুর ক্যানসারের আশঙ্কা থাকে না। মায়ের দুধের বিকল্প নেই। উন্নত বিশ্বে টিনের দুধের ব্যবহার নিষিদ্ধ ঘোষিত হলেও আমাদের দেশে এর ব্যবহার বাড়ছে দিন দিন। বেতার বা টিভিতে নানা ধরনের মনভোলানো বিজ্ঞাপন প্রচার করে এর কাটতি বাড়ানো হচ্ছে। এসব বিজ্ঞাপন বিশ্বস্বাস্থ্য খাদ্য নিয়ন্ত্রণবিধির লঙ্ঘন।
চিকিৎসকদের মতে, মায়ের দেহ, হাড়, মাংস, রক্ত থেকে শিশুর জন্ম। মায়ের স্নেহের অজান্তেই প্রাকৃতিক নিয়মে এসব প্রক্রিয়াজাত ও পরিশোধিত হয়ে শিশুর জন্ম হয়। মায়ের দুধ বিশ্বস্ত ও নিরাপদ এবং শিশু যা সহজেই হজম করতে পারে। স্তনপানে মা ও শিশুর মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং শিশু নিজেকে অধিক নিরাপদ মনে করে। কাজেই শিশু ও মায়ের সুস্বাস্থ্য রক্ষায় শিশুদের বুকের দুধ সেবন অপরিহার্য।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন, চট্টগ্রাম।