আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। কে কত চমক লাগানো প্রতিশ্রুতি দিতে পারেন, সে প্রতিযোগিতা এখনই শুরু হয়েছে। রাজনীতিবিদেরা নির্বাচনের আগে যেখানে খালও নেই, সেখানে সাঁকো তৈরির প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনী বৈতরণি পার হয়ে গেলে নদীর ওপর সেতু নির্মাণের কথাও ভুলে যান।
প্রতিশ্রুতি বা কথামালা সাজিয়ে একশ্রেণির রাজনীতিবিদ অবলীলায় মাটি ও মানুষকে নিয়ে জালিয়াতি বা প্রতারণা করে চলেছেন। এখানে নেতারা জনগণকে বোধ হয় অন্য কিছু ভাবেন। যে কারণে তাঁরা আজ অবধি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। প্রকৃত সত্য হলো, স্থানীয় সরকার ব্যবস্থায়ও নানা ত্রুটি রয়েছে, সেখানে সব ক্ষমতা মেয়রের হাতে, কাউন্সিলরদের কোনো ক্ষমতা নেই বললেই চলে।
আবার মেয়ররাও যে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন, তেমন নজিরও আমরা দেখি না। তবে এর আবার ব্যতিক্রমও আছে, যেমন বরিশাল সিটি করপোরেশনের সাবেক এক মেয়র শহরটিকে ঝকঝকে-তকতকে বানিয়ে ফেলেছিলেন। আমরা সে রকম নজির আরও দেখতে চাই।
আবদুল মুকিত
নোয়াখালী সরকারি কলেজ।