মুক্তমনের ওপর আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায়
অভিজিৎ রায়

আততায়ীর হাতে নিহত অভিজিৎ রায়ের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। তবে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ ছিল। ইন্টারনেটে তিনি একটা ফোরাম চালাতেন। তার নাম ‘মুক্তমনা’। সেই মুক্তমনার আলোচনায় যোগ দেওয়ার জন্য তিনি আমাকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছেন। যোগাযোগটা ছিল সেই সূত্রে। গত সোমবার সন্ধ্যার পরে বইমেলায় তাঁর সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় হয়।
আমার বয়স অভিজিতের প্রায় দ্বিগুণ। আমার সন্তানের বয়সী তিনি। কিন্তু তাঁকে আমি শ্রদ্ধা করতাম। তিনি যে মুক্তচিন্তার পৃষ্ঠপোষক ছিলেন, সেটা ছিল তাঁর প্রতি আমার শ্রদ্ধার কারণ। যাঁরা মুক্তমনার সঙ্গে পরিচিত, তাঁরা জানেন, এই ফোরামে কেবল ধর্ম সম্পর্কে নয়, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয় নিয়েও পত্রলেখকদের মতামত প্রকাশিত হয়। তারপর প্রকাশিত সেসব মতামত সম্পর্কে পাঠকেরা আবার স্বাধীনভাবে নিজেদের মন্তব্য ও মতামত প্রকাশ করেন—সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন অভিজিৎ। তিনি ব্যক্তিগতভাবে পাঠকদের মতামতকে প্রভাবিত করতেন না। সামাজিক ইস্যুতে তিনি ভারসাম্য বজায় রাখতেন। ধর্মীয় সহিষ্ণুতা ছিল তাঁর অন্যতম আদর্শ—এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে উসকে দেওয়া ছিল তাঁর নীতিবিরুদ্ধ।
তা ছাড়া আলোচনার বিষয়বস্তু নির্বাচনে তিনি নিরপেক্ষতা অবলম্বন করতেন। যেকোনো পাঠক যেকোনো বিষয় সম্পর্কে তাঁদের মতামত প্রকাশ করতে পারতেন। তিনি সেখানে হস্তক্ষেপ করতেন না। গুজরাটের দাঙ্গা ও ভোলার দাঙ্গাকে তিনি সমান ঘৃণা করতেন। অভিজিৎ এ রকমের নিরপেক্ষ সম্পাদক ছিলেন তাঁর ফোরাম মুক্তমনার।
অভিজিৎ লেখাপড়া করেন প্রকৌশলবিদ্যায়। কিন্তু নিজের দৃষ্টিকে কেবল প্রকৌশল ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। এখানেই তাঁর ব্যতিক্রম। আমরা বেশির ভাগ লোক নিজের পড়া বিষয়ের ক্ষুদ্র সীমার বাইরে দৃষ্টিকে প্রসারিত করি না। একে এক কথায় বলে ‘কূপমণ্ডূক’। অভিজিৎ নিজে যে বিষয়ে লেখাপড়া শিখেছিলেন, তার সীমানা অতিক্রম করেছিলেন, নিজের ধর্মেরও সীমানা অতিক্রম করেছিলেন, নিজের দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্বের দিকে চোখ মেলে তাকিয়েছিলেন। মনে করার আদৌ কোনো কারণ নেই যে তিনি মুসলমান ও ইসলাম ধর্ম সম্পর্কে কোথাও কোনো বিরূপতা প্রকাশ করেছিলেন, বরং তাঁর নিজের ধর্ম সম্পর্কে সমালোচনা করেছেন।
মানুষ তো জন্তু নয় যে গড্ডলিকার মতো দলবদ্ধ হয়ে চলবে—সামনেরটার পথে পেছনেরটা। তার নিজস্ব একটা মতামত আছে, পছন্দ-অপছন্দ আছে। অভিজিতেরও নিজস্ব মতামত ছিল। সেটা তাঁরই নিজের মত। আমি সেটা সমর্থন করতে পারি, অসমর্থনও করতে পারি। তাঁর যেখানে সত্যি অবদান, তা হলো তিনি মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করেছিলেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, সেই চিন্তাকে প্রকাশ করার একটা ফোরাম দিয়েছিলেন। এটাই সভ্য মানুষের করণীয়।
অপর পক্ষে, ভয়ভীতি দেখিয়ে অন্যকে মত প্রকাশ করতে না দেওয়া মধ্যযুগীয়তা। সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, তা যুগ যুগ ধরে বহু মতামতের বিবর্তন ও সমন্বয়। কত একনায়ক এসেছেন, স্বৈরাচারী শাসক এসেছেন, কত বিভ্রান্তগুরু এসেছেন, কিন্তু কেউ-ই মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করতে পারেননি। শত বাধা অতিক্রম করে স্বাধীন চিন্তা নদীর স্রোতের মতো সামনের দিকে এগিয়ে গেছে। এগিয়ে যাবে। মুক্তমনের খোলা হাওয়াকে রুদ্ধ করবে কে!
গোলাম মুরশিদ
ঢাকা।