১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একটি কুচক্রী মহলের অসহযোগিতার কারণে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, একমাত্র মাসিক সম্মানী ভাতা ছাড়া। ২০১৪ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ফ্ল্যাটবাড়ি প্রদানের কথা ঘোষণা করেছেন, তা-ও বাস্তবায়ন হয়নি। সাধারণ মুক্তিযোদ্ধারা বাসস্থানের অভাবে কষ্টকর, মানবেতর জীবনযাপন করছেন। বাসস্থান সমস্যার সমাধানকল্পে মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতার বিপরীতে ১৫ লাখ টাকা সুদমুক্ত গৃহায়ণ ঋণ চান। ১৫ লাখ টাকা গৃহায়ণ ঋণ মঞ্জুর করা হলে মুক্তিযোদ্ধাদের বাসস্থান সমস্যা সহজে সমাধান হতে পারে।
জাতীয় পত্রিকায় দেখলাম, প্রধানমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সরকারি চাকরিজীবীদের বাসস্থানের ব্যবস্থা করতে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিনীতভাবে বলতে চাই, সাধারণ মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। মুক্তিযোদ্ধাদের ৯০ শতাংশ সাধারণ গরিব মানুষের সন্তান ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রীর কল্যাণে কিছুটা হলেও মূল্যায়িত হয়েছেন, মাসিক সম্মানী ভাতা ১০ হাজার টাকা পাচ্ছেন। প্রায় ৮০ শতাংশ মুক্তিযোদ্ধার বাসস্থানের সংকট রয়েছে। ফলে তাঁদের এই ঋণ দেওয়া হলে অনুদান হিসেবে বাড়ি তৈরি করে দেওয়ার প্রয়োজন হবে না। মুক্তিযোদ্ধাদের সব ধরনের অনুদান প্রদানের প্রথা রহিত করা উচিত—মুক্তিযোদ্ধারা সম্মানের পাত্র, করুণার পাত্র নন।
আবুল কাশেম চৌধুরী, ঢাকা।