গত ১৩ অক্টোবর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কার্যালয়ে জামুকার ২৫তম সভায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক করা হয়েছে এবং সে ক্ষেত্রে ১০টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অন্যতম তিনটি হলো—লালমুক্তিবার্তায় নাম থাকা, ১৯৭১ সালে ২৫ মার্চে যাঁদের বয়স কমপক্ষে ১৫ ছিল এবং যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিতে বাংলাদেশ সীমানা অতিক্রম করে ট্রেনিং ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন।
আমার জানা মতে, লালমুক্তিবার্তায় ৬-৭ শতাংশ নাম আছে, যাঁরা ভারতে যাননি বা ভারত থেকে প্রশিক্ষণ নেননি। আরও অনেক নাম আছে, যাঁরা ভারত তো দূরের কথা, দেশের অভ্যন্তরেও প্রশিক্ষণ নেননি বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এমনকি মুক্তিযোদ্ধার সপক্ষে কোনো কাগজপত্র জমা না দেওয়া সত্ত্বেও অনৈতিকভাবে লালমুক্তিবার্তায় অনেকের নাম উঠেছে।
এখন প্রশ্ন হচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহে যদি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই করা হয়, তবে কেন লালমুক্তিবার্তায় অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই হবে না? ১৯৭১ সালে যাঁদের বয়স ১৫ বছরের নিচে ছিল এবং ভারত বা দেশের অভ্যন্তরে কোথাও প্রশিক্ষণ না নিয়ে বা আদৌ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে যাঁরা (১৫-২০%) অনৈতিকভাবে লালমুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তাঁরা কেন মুক্তিযোদ্ধা হবেন? তাঁদের ক্ষেত্রে কেন উল্লিখিত মানদণ্ডগুলো প্রযোজ্য হবে না? এ যেন এক দেশে দুই আইন!
আবার অন্যদিকে কাদেরিয়া বাহিনীর অধিকাংশ সদস্য ভারতে প্রশিক্ষণ নেননি, দেশের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত। আমার ধারণা, তাঁদের অধিকাংশের নাম লালমুক্তিবার্তায় অন্তর্ভুক্ত আছে। ভারতে প্রশিক্ষণ না নিয়ে তাঁদের নাম যদি লালমুক্তিবার্তায় অন্তর্ভুক্ত হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হয়, তাহলে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা—যাঁরা অনেকেই দেশের অভ্যন্তরে বিভিন্ন মুক্তিবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাঁরা কেন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন না?
আমার কথা হচ্ছে, একজন অমুক্তিযোদ্ধা যাতে মুক্তিযোদ্ধা না হতে পারেন, এটা যেমন সত্য, একইভাবে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যিনি সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাঁকে যেন অমুক্তিযোদ্ধা বানানো না হয়।
আ. হালিম, ঢাকা।