বর্তমান যুগ স্মার্ট ফোনের যুগ। বিজ্ঞানের এই আবিষ্কার কেউ ভালো কাজে, কেউ খারাপ কাজে, আবার কেউ বুঝে, কেউ না বুঝে ব্যবহার করছে। সম্প্রতি দেখা যাচ্ছে, স্কুলপড়ুয়া কোমলমতি শিশুরা স্মার্ট ফোনের ভুল ব্যবহার করছে। ছাত্রছাত্রীরা ক্লাস চলাকালে, ক্লাসের বিরতিতে কিংবা ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুক, টুইটার, ইউটিউবে কিংবা বিভিন্ন পর্নো সাইটে পর্নো ভিডিও দেখছে, অথবা গেমস খেলছে। নতুন নতুন গেমস, ফেসবুক স্ট্যাটাস, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ও নতুন নতুন পর্নো ভিডিওর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের। ফলে একদিকে যেমন তারা লেখাপড়ায় অমনোযোগী হচ্ছে, অন্যদিকে কোমলমতি ছেলেমেয়েরা শৈশব-কৈশোর কী বস্তু, তা টেরই পাচ্ছে না। তাদের মধ্যে নানা বিকার দেখা যাচ্ছে।
এই স্মার্ট ফোনের বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়ছে নানা জঙ্গি তৎপরতায়। কিন্তু দুঃখের বিষয় এই, স্মার্ট ফোনটি আমরা আমাদের কোমলমতি স্কুল-মাদ্রাসাপড়ুয়া সন্তানদের হাতে খুব সহজেই তুলে দিচ্ছি। প্রযুক্তি ছাড়া আজকের দুনিয়ায় চলা যাবে না। কিন্তু তা কীভাবে ব্যবহার করতে হবে, সে ব্যাপারে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা উচিত। আর অন্তত অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে মুঠোফোন আনা নিষিদ্ধ করা উচিত। এতে তাদের অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে না।
ইনসান আতিক
ব্রাহ্মণবাড়িয়া।