সকল জীবের সেরা জীব মানুষ। কোনটা ভালো কাজ, কোনটা মন্দ—সেটা আমরা ভালোই বুঝি। কারণ আগেই বলেছি, আমরা প্রকৃতির সেরা জীব। সত্যিই কি তাই, আমাদের কাজে অনেক সময় তার প্রকাশ পাওয়া যায় না। তারই একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি। একদিন ক্যাম্পাসে আসার সময় দেখি, কিছু মানুষ রাস্তার ধারে ক্যাম্পাসের দেয়ালে মূত্র বিসর্জন করছে।
বিষয়টি আমাকে অনেক অবাক করেছে। সেই সঙ্গে আমাদের পরিসংখ্যান স্যারের কিছু কথা মনে পড়ে গেল। স্যার বিদেশে পিএইচডি করতে গিয়ে একদিন রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, এক লোক তাঁর সঙ্গে থাকা কুকুরের মল টিস্যুতে পেঁচিয়ে
পকেটে নিলেন এবং কিছু দূরে গিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিলেন। ঘটনা দুটি নিয়ে আমি অনেক ভাবলাম।
ঘটনা দুটি একই, শুধু আবিষ্কারের ধরনটা ভিন্ন। কিন্তু কোনটি মানুষের কাজ, আর কোনটি অবুঝ প্রাণীর কাজ, সেটি আমাকে প্রশ্নবিদ্ধ করেছে! তাহলে কি আমরা সেই সব মানুষের থেকে পিছিয়ে আছি? নাকি আমাদের মাঝে সেই আয়োডিনযুক্ত ‘মূল্যবান-বোধের’ দরকার? তাই আমাদের সবার উচিত, এ ধরনের নেতিবাচক কাজ থেকে নিজেকে বিরত থাকা এবং সবাইকে সচেতন করা।
মো. রাশিদ আশেফ
চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম।