মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষা ২০১৪ সমাপ্ত। সমাপনী পরীক্ষাও শেষ। শুরু হয়েছে খাতা মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা তা পালন করছেন। আর একমাত্র সঠিক মূল্যায়নের ওপরই নির্ভর করে মেধার সঠিক বিকাশ। কেননা, মূল্যায়ন যদি নির্ভুল না হয়, তবে নিজের জ্ঞান-দক্ষতার ওপর অধিক বিশ্বাস জন্মাতে পারে, যা ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে। আবার ভুল মূল্যায়নের কারণে যদি আশানুরূপ ফল না হয়, তবে দুর্বল বিশ্বাস জন্মাবে।
একটা সময় ছিল, যখন পরীক্ষার খাতায় হাতের লেখা, পর্যাপ্ত মার্জিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বুদ্ধিদীপ্ত লেখা আরও নানা বিষয়ের ওপর অঘোষিতভাবে নম্বর দেওয়া হতো। কিন্তু বর্তমানে ‘উত্তর’টাই শুধু সম্বল হয়ে গেছে। যার কারণে শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা সুন্দর করতে কোনো প্রবণতা দেখা যায় না। অনেকের মধ্যে আবার গুণের চেয়ে সংখ্যার দিকে ঝোঁকার প্রবণতা থাকে। যার কারণে তারা শুধু সাদা কাগজ কালো করতে ব্যস্ত থাকে লেখার মাধ্যমে। প্রাসঙ্গিকতা, বস্তুনিষ্ঠতা অনেক সময়ই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে খোঁজা হয় না।
বর্তমানে ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা বুয়েটের পরীক্ষাগুলোতে অনেক ভালো ফলাফলধারী শিক্ষার্থীর কাছ থেকে তেমন প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। শুধু সনদ পাওয়ার আশায় বেশির ভাগ শিক্ষার্থীকেই পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানার্জনে উৎসাহ প্রকাশ করতে দেখা যায় না।
আগে ইংরেজি দ্বিতীয় পত্রে কিংবা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের ওপর বর্ণনামূলক প্রশ্নের জন্য নম্বর থাকত। যেমন, ‘ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণের প্রয়োজনীয়তা লিখো।’ এখন এ ধরনের প্রশ্ন প্রাথমিক সমাপনী, জেএসসি কিংবা এসএসসিতে থাকে না। যার কারণে শিক্ষার্থীরাও সাজেশনের ওপর ভর করে শুধু নির্দিষ্ট কিছু ‘মডেল প্রশ্ন’ নিয়ে ব্যস্ত থাকে।
সাজেশন আর সহজ পন্থা খোঁজার দৌরাত্ম্যে পাঠ্যবইটিকে সম্পূর্ণভাবে জানার-চেনার কিংবা বোঝার সময় হয় না। কিন্তু আলোকিত মানুষ হতে প্রয়োজন শুধু জ্ঞানের অন্বেষণ করা এবং সেই লক্ষ্যে পড়া, পড়া আর শুধুই পড়া।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।