বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির মূল চেতনায় নিহিত ছিল ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস এবং আঞ্চলিক বৈষম্য ও আধিপত্যবাদের অবসান। বর্তমানে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে আকাশ-পাতাল অর্থনৈতিক ও উন্নয়নবৈষম্য বিদ্যমান।
এ উন্নয়নবৈষম্যের অন্যতম প্রধান কারণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতি দুর্বল যোগাযোগ অবকাঠামো। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় এখনো ঊনবিংশ শতাব্দীর আমেজ বিরাজ করছে। চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা থেকে পিছিয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা।
সুষম যোগাযোগব্যবস্থা সুষম উন্নয়নের পূর্বশর্ত। কেবল পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতি সব বৈষম্যের অবসান হবে না, একই সঙ্গে চাঁদপুর ও শরীয়তপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে ‘মেঘনা বহুমুখী সেতু’ নির্মাণ করা হলে এ বৈষম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা যায়।
পদ্মা সেতু চালু হলে ভায়া ঢাকা পথে শুধু ভ্রমণকাল এক ঘণ্টা হ্রাস পাবে, কিন্তু দূরত্ব, পরিবহন ব্যয় ও জ্বালানি ব্যয় অপরিবর্তিত থাকবে। সেতুটি নির্মাণ হলে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও সিলেট বিভাগের চারটি জেলার সঙ্গে সরাসরি যুক্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা। দেশের মোট ৩৬টি জেলার মধ্যে গড়ে উঠবে সড়ক ও রেল যোগাযোগের অবিচ্ছিন্ন নেটওয়ার্ক।
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম বিরতিহীন ট্রেন সার্ভিস, একই রেলপথে স্বল্পদৈর্ঘ্যের (তিন/চার কিমি) লাকসাম বাইপাস ও মেঘনা বহুমুখী সেতু—এ ত্রয়ীর মেলবন্ধনে দেশের যোগাযোগব্যবস্থা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
এম এ শাহেনশাহ
সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।